নারায়ণগঞ্জে করোনাভাইরাসে আরও একজনের (৫৭) মৃত্যু হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে জেলায় মোট ১২৪ জনের মৃত্যু হলো। মারা যাওয়া নারী সোনারগাঁও উপজেলার রামগঞ্জের বাসিন্দা। রবিবার (১৯ জুলাই) জেলা সিভিল সার্জন অফিসের ওয়েবসাইটের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সিভিল সার্জন অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৭৪১ জনে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ হাজার ৯৬ জন।
জেলা সিভিল সার্জনের ওয়েবসাইট থেকে জানা যায়, নারায়ণগঞ্জে সিটি করপোরেশন এলাকায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক হাজার ৯৮৫ জন, সুস্থ হয়েছেন এক হাজার ৭৭০ জন, সদর উপজেলায় আক্রান্ত এক হাজার ৩৩৮ জন, সুস্থ হয়েছেন এক হাজার ১৯৬ জন, বন্দর উপজেলায় আক্রান্ত ২৩০ জন, সুস্থ হয়েছেন ১৮৪ জন, আড়াইহাজারে আক্রান্ত ৫৫০ জন, সুস্থ হয়েছেন ৪৮৬ জন, সোনারগাঁয়ে আক্রান্ত ৫০২ জন, সুস্থ হয়েছেন ৪৪৫ জন ও রূপগঞ্জে আক্রান্ত এক হাজার ১৩৬ জন, সুস্থ হয়েছেন এক হাজার ১৫ জন। এ জেলায় করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন– সিটি করপোরেশন এলাকায় ৬৭ জন, সদর উপজেলায় ২৩ জন, বন্দর উপজেলায় তিন জন, রূপগঞ্জ উপজেলায় ১০ জন, সোনারগাঁও উপজেলায় ১৭ জন ও আড়াইহাজার উপজেলায় চার জন।
জেলা সিভিল সার্জন অফিস ওয়েবসাইটের প্রতিবেদন থেকে আরও জানা যায়, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে ১৬৭ জনের। এ জেলায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ২৯ হাজার ৭৮১ জনের।








