জয়পুরহাটে এক পুলিশ সদস্যের মৃত্যুর চারদিন পর জানা গেছে তিনি করোনা পজিটিভ ছিলেন। আসাদুজ্জামান জেলা পুলিশের মোটরযান শাখায় কর্মরত ছিলেন। করোনা উপসর্গ নিয়ে গত ১৬ জুলাই রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এ সময় করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়। সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় তার নমুনার রিপোর্ট পজিটিভ আসে। করোনা পজিটিভ রিপোর্ট আসার বিষয়টি পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির নিশ্চিত করেছেন।
আসাদুজ্জামানের বাড়ি নওগাঁ সদরের উকিল পাড়া মহল্লায়।
পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির জানান, আসাদুজ্জামান গত ১৫ জুলাই সকালে জয়পুরহাট থেকে আসামি নেওয়ার জন্য কালাই থানার উদ্দেশে প্রিজন ভ্যানে সঙ্গীয় পুলিশ সদস্যসহ রওনা হন। পথে বটতলী বাজারে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, চিকিৎসাধীন অবস্থায় ১৬ জুলাই বিকালে তার মৃত্যু হয়। ওইদিন তার নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। পরে স্বাস্থ্যবিধি মেনে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। মারা যাওয়ার চার দিন পর সোমবার সন্ধ্যায় তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।
এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যুর ঘটনা ঘটলো। জেলায় এ পর্যন্ত আট হাজার ৮১৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। তার মধ্যে ফলাফল আসে সাত হাজার ৪৯৩ জনের। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৬২৩। আর সুস্থ হয়েছেন ৩৭৮ জন।








