রাজশাহী জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা আড়াই হাজার ছুঁই ছুঁই। বুধবার (২২ জুলাই) রাজশাহী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের দুই ল্যাবের তথ্য নিয়ে জেলায় আক্রান্ত হয়েছে ২ হাজার ৪৪৭ জন। এর মধ্যে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) এলাকায় ১ হাজার ৯৩৬ জন। এর আগে মঙ্গলবারের জেলা সিভিল সার্জনের তথ্য অনুযায়ী জেলায় আক্রান্ত হয়েছে ২ হাজার ৩৫১ জন। এর মধ্যে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) এলাকায় ১ হাজার ৮৪৪ জন।
এদিকে বুধবার রাজশাহী মেডিক্যাল কলেজের (রামেক) ল্যাবে নমুনা পরীক্ষায় রাজশাহী ও পাবনার আরও ৭৮ জনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন রামেকের উপাধ্যক্ষ ও মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. বুলবুল হাসান ।
তিনি জানান, এ দিন ল্যাবে মোট ১৮৫টি নমুনার রিপোর্ট হয়েছে। এতে ৭৮টি করোনা পজিটিভ। এর মধ্যে রাজশাহী নগরীতেই আছেন ৪৯ জন। বাকি ২৯ জনের বাড়ি পাবনা। এ দিন রাজশাহীর ৯৮টি এবং পাবনার ৮৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
অন্যদিকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে বুধবার মোট ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ৪৯ জনের পজিটিভ এসেছে। এর মধ্য রাজশাাহীর ৪৭ জন। বাকি দুজন নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জের। আর সিটি করপোরেশন এলাকার ৪৩ জন।
রাজশাহীতে এ পর্যন্ত ১৯ জন মারা গেছেন। পাবনায় মারা গেছেন ৯ জন। রাজশাহীর ৭৬৩ জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন।








