শ্রীপুর পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনিছুর রহমানকে রবিবার আবারও কারণ দর্শানো নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। এর আগে শুক্রবার একই অভিযোগে তাকে কারণ দর্শানো নোটিশ দিয়েছিল নির্বাচন কমিশন।
এছাড়া রবিবার বিকালে একই অভিযোগে ৮নং ওয়ার্ডের দুই কাউন্সিলর প্রার্থী আব্দুল বারেক (ডালিম) ও ফিরোজ আহমদকেও (উট পাখি) কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়।
শ্রীপুর পৌর নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান জানান, আনিছুর রহমান রবিবার বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত শ্রীপুর পৌর শহরে তার সমর্থকদের সঙ্গে নিয়ে মিছিল ও শোডাউন করেন। এসময় পৌর শহরে যানজট সৃষ্টি হয়, যা নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন। এজন্য তাকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। ২৪ ঘন্টার মধ্যে তাকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
তবে এ ব্যাপারে আনিছুর রহমানের নির্বাচন সমন্বয়কারী মাহতাব উদ্দিন সাংবাদিকদের জানান, নির্বাচনি কোনও মিছিল বা শোডাউন হয়নি। প্রার্থী নির্বাচনি লিফলেট বিতরণের সময় সমর্থকেরা তার কাছে এসেছিল। এসময় জনসাধারণ ও যানবাহন চলাচলের যথেষ্ট জায়গা ছিল। যানবাহন ও জনসাধারণের চলাচলে কোনও বিঘ্ন ঘটেনি।
এছাড়া শনিবার রাত ৮টার পর ৮নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় মাইকিং, দেওয়াল ও বিভিন্ন স্থাপনায় নির্বাচনি পোস্টার লাগানোর অভিযোগে কাউন্সিলর প্রার্থী আব্দুল বারেককে (ডালিম প্রতীক) এবং মাওনা-চৌরাস্তা এলাকায় মিছিল করার অভিযোগে একই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ফিরোজ আহমদকে (উটপাখি প্রতীক) শোকজ করা হয়েছে। তাদেরকেও ২৪ ঘণ্টা সময় দিয়ে জবাব দিতে বলা হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা।
উল্লেখ্য, শুক্রবার বিকালে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আনিছুর রহমান ও বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ শহিদুল্লাহ শহীদকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শোকজ করা হয়েছিল।
/এআর / এএইচ /








