কুড়িগ্রামের চিলমারীতে বন্যার পানিতে ডুবে আদিলা (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার রমনা ইউনিয়নের মাস্টার পাড়া ওয়াবদা বাঁধ এলাকায় গোসল করতে নেমে শিশুটি নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবরি দল বিকাল ৪টায় শিশুটির লাশ উদ্ধার করে।
চিলমারী থানার অফিসার ইন চার্জ (ওসি) আমিনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। নিহত আদিলা ইউনিয়নের মাস্টার পাড়া গ্রামের আমিনুল ইসলামের মেয়ে।
স্থানীয়রা জানান, আদিলার বাবা রংপুরে রিকশা চালান। বন্যায় বাড়িতে পানি ওঠায় রমনা ইউনিয়নের ওয়াবদা বাঁধেে গত পাঁচ দিন ধরে পলিথিনের ঘরে আশ্রয় নিয়ে মায়ের সঙ্গে বসবাস করছিল আদিলা। শুক্রবার (২৪ জুলাই) দুপুর পৌনে একটার দিকে আরও দুই শিশুসহ বাঁধের ঢালে বন্যার পানিতে গোসল করতে নামে সে। এসময় বন্যার পানিতে নিখোঁজ হয়। পরে রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবরি দল এসে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় এক ঘণ্টার অভিযান শেষে বিকাল ৪টার দিকে আদিলার মরদেহ উদ্ধার করে ডুবরি দল।
ওসি আমিনুল ইসলাম জানান, বন্যার পানিতে গোসল করতে নেমে শিশুটির মৃত্যু হয়েছে। স্থানীয়ভাবে মরদেহ দাফনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।








