বিলীন সেই স্কুলটিই এখন নৌদুর্ঘটনার ফাঁদ!

চাঁদপুর প্রতিনিধি
২৫ জুলাই ২০২০, ০০:৪০আপডেট : ২৫ জুলাই ২০২০, ০০:৫৫

চাঁদপুরে পদ্মার পানির তোড়ে বেশ কিছুদিন এভাবে ভেসে ছিল স্কুলটি। পরে ডুবে যায়।  
চাঁদপুরের রাজরাজেশ্বরের লক্ষ্মীচর এলাকায় পদ্মা নদীতে দুর্ঘটনার ফাঁদ এখন বিলীন হওয়া সেই স্কুল কাম সাইক্লোন শেল্টারটি। পদ্মায় ডুবে থাকা এ ভবনের কারণে সেখানে নৌদুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।

তারা জানান, নদীতে ভবনটি বিলীন হওয়ায় এবং নদীতে পানি বেশি হওয়ায় এখন তা পানির নিচে রয়েছে। জোয়ারের সময় ভবনটি পানির নিচে চলে যায় আর ভাটার সময় ভবনের ওপরের অংশ কিছুটা দেখা যায়। আর পদ্মা নদীর এ রুট দিয়েই ঢাকা, চট্টগ্রাম, আরিচা, নোঙরবাড়ি, মাওয়া ফরিদপুর এলাকায় চলাচল করে মালবাহী জাহাজগুলো।

রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান হযরত আলী বেপারী বলেন, ভাঙনের কারণে স্কুল কাম সাইক্লোন শেল্টারটি জোয়ারের সময় পানির নিচে তলিয়ে থাকে। আর ভাটার সময় ভবনের ওপরের কিছু অংশ দেখা যায়। এখন কোনও জাহাজ যদি এর ওপর দিয়ে যায় তাহলে তো দুর্ঘটনা ঘটে যাবে।

পদ্মার তোড়ে ডুবে যাওয়া নবনির্মিত স্কুলভবন

তিনি জানান, মালবাহী জাহাজগুলো ঢাকা, চট্টগ্রাম, আরিচা, নোঙরবাড়ি, মাওয়া, ফরিদপুরসহ বিভিন্ন জায়গায় যাতায়াত করে এ রুট দিয়েই। তাই বর্তমান প্রেক্ষাপটে এখানে নৌ দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে রাতে দুর্ঘটনার আশঙ্কা খুবই বেশি। আমি বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে জানিয়েছি। এখানে কোনও নিশানা না দিলে যে কোনও সময় দুর্ঘটনা ঘটতে পারে।

চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বাবুল আখতার বলেন, এ অবস্থায় সেখানে দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকতেই পারে। এজন্য ব্যবস্থা নেওয়ার দায়িত্ব বিআইডব্লিউটিএ অথবা বিআইডব্লিউটিসির।

তিনি জানান, বর্তমানে মেঘনা নদী চাঁদপুর পয়েন্টে বিপদসীমার ৬১ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

চাঁদপুর নৌ পুলিশের ওসি আবু তাহের বলেন, সেখানে বাঁশ দিয়ে একটি নিশানা টাঙিয়ে দিলেই তো হয়। এটি তো চেয়ারম্যানই করতে পারেন। আমরা তো আর সেখানে পুলিশ পাহারা দেবো না।

এদিকে ইউপি চেয়ারম্যান হযরত আলী বলেন, আমি ইউপি মেম্বারকে বলেছি আপাতত বাঁশ দিয়ে লাল নিশানা টাঙিয়ে দেওয়ার জন্য। কিন্তু, বাঁশ দিয়ে লাল নিশানা দিলে দিনে তা দেখা যাবে। কিন্তু রাতে দেখা যাবে না। তখনইতো দুর্ঘটনার আশঙ্কাটা বেশি। তাই এখানে একটি বয়া বাতির মতো কোনও লাইটের ব্যবস্থা করার খুবই জরুরি।

ডুবে যাওয়ার আগে দ্বীপ চরে এভাবেই ছিল স্কুলটা

উল্লেখ্য, চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নে পদ্মা ভাঙনে বিলীন হয়ে গেছে ২ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত স্কুল কাম সাইক্লোন শেল্টার। সেই সঙ্গে স্কুল এলাকার লক্ষ্মীরচরে ভাঙন অব্যাহত রয়েছে। গত কয়েক দিনের ভাঙনে ভবন এলাকার চারপাশে নদীগর্ভে চলে যায়। ভবনটি পানির মধ্যে দাঁড়িয়ে থাকলেও শেষ পর্যন্ত বৃহস্পতিবার তা নদীগর্ভে বিলীন হয়ে যায়। ভবনটি নির্মাণের পর উদ্বোধন না হলেও তড়িঘড়ি করে গত এক মাস আগে তা হস্তান্তর করা হয়। স্থানীয়দের অভিযোগ, সাইড সিলেকশনে অনিয়মের কারণেই বিপুল পরিমাণ সরকারি টাকা জলে গেছে। এছাড়া বছরের পর বছর নদী থেকে অপরিকল্পিত ও অবৈধভাবে বালু উত্তোলনও ভাঙনের প্রধানতম কারণ হিসেবে দায়ী করেন স্থানীয়রা।

পানি উন্নয়ন বোর্ড বলছে, ওই স্থানে এ ধরনের স্থাপনা নির্মাণ করাটাই ঠিক হয়নি।

চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. বাবুল আখতার জানান, রাজরাজেশ্বর ইউনিয়নটি চারপাশে পদ্মা-মেঘনা নদী দ্বারা বেষ্টিত। বর্তমানে পদ্মা-মেঘনার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি ও প্রচণ্ড স্রোতে ভবনটি তলিয়ে গেছে। এই ভবনটি নির্মাণের পূর্বে পানি উন্নয়ন বোর্ডের কোনও পরামর্শ নেওয়া হয়েছে কিনা তা আমি জানি না। তাছাড়া এই স্থানে এই স্থাপনা নির্মাণ করাটাই ঠিক হয়নি।

আগের স্টোরি

পদ্মায় বিলীন হলো চরের বাতিঘর স্কুলটি

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম