পঞ্চগড় জেলার বোদা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সোহেল তাজ (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ জুলাই) উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের পানিডুবি গ্রামে এ ঘটনাটি ঘটেছে। সে ওই গ্রামের আব্দুল কাদেরের ছেলে এবং পানিডুবি দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র।
কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আলাল জানান, ওই গ্রামে পল্লী বিদ্যুতের নতুন লাইন চালু করা হয়েছে। সে বাড়িতে বিদ্যুতের তার ঠিক করে বাল্ব লাগানোর চেষ্টা করছিল। এসময় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরিবারের লোকজন তাকে দ্রুত পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে এলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু হায়দার মো. আশরাফুজ্জামান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সোহেল তাজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।








