ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহজাহান আল মাহমুদ (৪৫) নিহত হয়েছেন। ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার কুট্টাপাড়া নামক স্থানে আজ রবিবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহজাহান আল মাহমুদ বুধন্তি ইউনিয়নের ইসলামপুর গ্রামের ওসমান গণির ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।
তিনি বলেন, দুপুরে যুবলীগ নেতা শাহজাহান আল মাহমুদ ব্রাহ্মণবাড়িয়া থেকে মোটরসাইকেলে তার নিজ এলাকা জেলার বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের ইসলামপুর যাচ্ছিলেন। পথের মধ্য ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টাপাড়া নামক স্থানে স্পিড ব্রেকার অতিক্রম করার সময় তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান। এসময় মোটরসাইকেলসহ তিনি ছিটকে পাশে চলন্ত একটি কাভার্ড ভ্যানের নিচে চলে যান। ঘটনাস্থলেই কাভার্ড ভ্যানের চাপায় তার মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠান। তবে কাভার্ড ভ্যানটিকে আটক করতে পারেনি পুলিশ।
যুবলীগ নেতা শাহজাহান আল মাহমুদ এর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।








