ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ঈদযাত্রায় স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এ সড়কে টাঙ্গাইল অংশের বিভিন্ন এলাকা ঘুরে কোথাও যানজট দেখা যায়নি।
এবার উত্তরের বিভিন্ন জেলায় বন্যার পানিতে ডুবে গেছে অধিকাংশ ঘরবাড়ি। এ কারণে অনেকে এবার গ্রামের বাড়িতে না গিয়ে ঢাকাতেই ঈদ করবেন। এজন্য উত্তরের পথে গাড়ির চাপ কম বলে জানা গেছে। তবে, সামাজিক দূরত্ব বজায় না রেখেই দূরপাল্লার বাসসহ ট্রাক-পিকআপে অতিরিক্ত যাত্রী বহন করতে দেখা গেছে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আয়ুবুর রহমান বলেন, ‘এখনও মহাসড়কের কোথাও যানজটের সৃষ্টি হয়নি। যানবাহন স্বাভাবিকভাবেই চলাচল করছে। তবে সন্ধ্যায় গাড়ির চাপ কিছুটা বাড়তে পারে।’
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘মহাসড়কের টাঙ্গাইল অংশে যানজট নিরসনে গোড়াই থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত বিভিন্ন পয়েন্টে ছয় শতাধিক পুলিশ সদস্য তৎপর রয়েছেন। যানজটের পাশাপাশি চুরি-ছিনতাই প্রতিরোধেও কাজ করছেন পুলিশ সদস্যরা।’








