বাসস্ট্যান্ডে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার তৃতীয়দিনের মতো কিশোরগঞ্জের সঙ্গে সারাদেশের বাস ধর্মঘট চলছে। এ কারণে জেলা শহরের গাইটাল ও বত্রিশ আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে ঢাকা, ময়মনসিংহ, টাঙ্গাইল ও নেত্রকোনাসহ দেশের সকল রুটের বাস চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
পরিবহন মলিকদের অভিযোগ, স্থানীয় সন্ত্রাসী শফিকুল ইসলাম মানিক তার সংঘবদ্ধ লোকদের নিয়ে বিভিন্ন রুটে চলাচলকারী বাস থেকে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছে। এর প্রতিবাদ করায় মানিক তার লোকবল নিয়ে শনিবার জেলা শ্রমিক ইউনিয়ন অফিস তালাবন্ধ করে রাখে।
এর প্রতিবাদে পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন সন্ত্রাসী মানিককে গ্রেফতার ও বাসস্ট্যান্ডে চাঁদাবাজি বন্ধের দাবি জানিয়ে রবিবার সকাল থেকে এ ধর্মঘটের ডাক দেয়।
এ ব্যাপারে জেলা সড়ক পরিবহন মালিক সমিতির আহ্বায়ক মানিক রঞ্জন দে বলেন, আমরা প্রশাসনকে এ ব্যাপারে রবিবার ১টার দিকে ঘটনার প্রতিকার চেয়ে জেলা প্রশাসকের কাছে একটি লিখিত অভিযোগপত্র পাঠিয়েছি। সন্ত্রাসী মানিককে গ্রেফতার ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে।
এদিকে, শফিকুল ইসলাম মানিকের সঙ্গে এ ব্যাপারে কথা বলতে চাইলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
কিশোরগঞ্জের জেলা প্রশাসক জিএসএম জাফর উল্লাহ বলেন, এ ব্যাপারে আমি একটি অভিযোগপত্র পেয়েছি। খোঁজ নিয়ে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
/এআর/ টিএন/








