চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে উপজেলার আধুনগর ইউনিয়নের এনআরবি গ্লোবাল ব্যাংকের পেছন থেকে দুজনের লাশ উদ্ধার করে পুলিশ।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
নিহতরা হলেন মরিয়ম আক্তার (১২) ও তার মা রাশেদা বেগম (৩৭)। রাশেদার স্বামী বাদশা মিয়া চাষের কাজ করেন। তারা পরিবার নিয়ে আধুনগর এলাকায় থাকলেও তাদের আদি বাড়ি কক্সবাজারের পেকুয়ায়।
ওসি জাকির হোসেন মাহমুদ জানান, সোমবার বিকালে কিশোরী মেয়ে মরিয়ম আক্তার শাক তোলার জন্য আধুনগরে অবস্থিত এনআরবি গ্লোবাল ব্যাংকের পেছনের ডোবায় নামে। সেখানে বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ময়না মারা যায়। বিকালে বের হয়ে সারা রাতেও বাসায় না ফেরায় আজ সকালে তাকে খুঁজতে বের হন তার মা রাশেদা বেগম। স্থানীয় লোকজন ময়নাকে ডোবায় শাক তুলতে দেখার বিষয়টি জানান। পরে মেয়েকে খুঁজতে রাশেদাও ডোবায় নামলে তিনিও বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলে মারা যান।








