বাহুবলে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) সকালের এ সংঘর্ষের পর গুরুতর আহত অবস্থায় ১০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, জেলার বাহুবল উপজেলার বিহারীপুর গ্রামের জয়নুল উল্ল্যার ছেলে আব্দুল গফুরের সঙ্গে একই গ্রামের ফুল মিয়ার ছেলে মানিক মিয়ার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
সকালে আব্দুল গফুরের লোকজন বিরোধপূর্ণ জমিতে গেলে প্রতিপক্ষ মানিক মিয়ার লোকজন তাতে বাধা দেয়। এর জের ধরে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে নারীসহ অন্তত ৩০ জন আহত হন। খবর পেয়ে বাহুবল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বাহুবলে থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।








