বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, গরিব মানুষকে ত্রাণ দেওয়ার জন্য বিএনপি তাদের পাশে দাঁড়িয়েছে কিন্তু ত্রাণ দিতে বাধা দেওয়া হচ্ছে। বিএনপি যেন ত্রাণ দিতে না পারে এজন্য মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে। করোনার সময় বিএনপির নেতারা মানুষের পাশে দাঁড়িয়েছে তাও বাধা দেওয়া হচ্ছে। মাইক বন্ধ করে দেওয়ার কথা বলা হচ্ছে। তার প্রশ্ন আর কতদিন আমাদের কণ্ঠ বন্ধ করা হবে।
তিনি বুধবার (১৯ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নে বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন।
তিনি আরও বলেন, আজকে জিয়াউর রহমানকে হত্যা করে বাংলার মাটি থেকে তার নাম নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছিল। সেই জিয়াউর রহমানকে হত্যাকারী হিসেবে চিহ্নিত করা হচ্ছে। বাংলাদেশের মানুষ এই মিথ্যাচার আর পছন্দ করে না। জিয়াউর রহমানের নামে যতই বদনাম করেন বাংলার মাটি থেকে জিয়াউর রহমানের নাম মুছে ফেলা যাবে না।
জেলা বিএনপির সহ-সভাপতি মুজিবুর রহমান লেবুর সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ত্রাণ বিষয়ক সহ সম্পাদক শফিকুল ইসলাম মিলন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান রানা, রকিবুল হাসান রতন, আজিজুর রহমান দুলাল, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মুন্সি আলম, রাশেদুল হাসান রঞ্জন, একই সংগঠনের সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, ত্রাণ বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াহাব প্রমুখ।







