জয়পুরহাটে পাথরবোঝাই একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৭২৭ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে জয়পুরহাট রাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ৫ এর সদস্যরা। শুক্রবার (২১ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে জয়পুরহাট-হিলি সড়কের পাঁচবিবি উপজেলার লতিহাটি এলাকায় এই তল্লাশি চালানো হয়। এসময় ট্রাকটি (ঢাকা মেট্রো-ট ১৬-৭৩৮২) জব্দ করে এর চালক ও হেলপারসহ তিন জনকে আটক করা হয়েছে।
আটকরা হলেন- জয়পুরহাটের কালাই উপজেলার মোলামগাড়ী হাটের সিরাজুল ইসলামের ছেলে ট্রাকচালক ফারুক হোসেন (৩৫), ইন্দাজুল তালুকদারের ছেলে ওবায়দুল তালুকদার (২২) এবং ফেনসিডিল বিক্রেতা দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাসুদেবপুর গ্রামের মৃত মজের আলীর ছেলে মাহবুব আলী সাঈদ (৩৫)।
জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ জানান, আটক তিন জনই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। পাথরবোঝাই ট্রাকে করে তারা ফেনসিডিলগুলো কৌশলে ঢাকা নিয়ে যাচ্ছিলো। গোপনে সে তথ্য পেয়ে শুক্রবার ভোরে র্যাব সদস্যরা ট্রাকটিতে অভিযান চালিয়ে ৭২৭ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এই ঘটনায় আটকদের বিরুদ্ধে পাঁচবিবি থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।








