মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় পৌর শহরের একটি বাড়িতে অভিযান চালিয়ে দুটি মায়া হরিণের চামড়া উদ্ধার করা হয়েছে। রবিবার (২৩ আগস্ট) বিকালের দিকে বড়লেখা পৌরসভার গাজিটেকা (আইলাপুর) এলাকার সাইদুল ইসলামের বাড়ি থেকে চামড়া দুটি উদ্ধার করা হয়।
চামড়া দুটি বাড়ির ভেতরের একটি শৌচাগারে ছাদের ওপরে পলিথিনে মোড়ানো অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, চামড়াগুলো কয়েক মাস আগের। তা শুকিয়ে অক্ষত অবস্থায় সংরক্ষণ করা ছিল।
বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান এই অভিযান পরিচালনা করেন।
এসময় উপস্থিত ছিলেন বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. আনিসুর রহমান, বন বিভাগের বড়লেখা রেঞ্জের সহযোগী রেঞ্জ কমর্কতা শেখর রঞ্জন দাস প্রমুখ।
মৌলভীবাজার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. আনিসুর রহমান রাতে বলেন, 'দুটি হরিণের চামড়া জব্দ করা হয়েছে। কাউকে আটক করা যায়নি। এই ঘটনায় মৌলভীবাজার বন আদালতে বন্যপ্রাণী আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।'








