বগুড়ার ধুনট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র এজিএম বাদশাহসহ ১০ নেতাকর্মীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল হাই খোকন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বাদশাহ আগেই দল থেকে পদত্যাগ করে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বহিষ্কৃত অন্যরা হলেন, ধুনট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এএফএম ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম আঞ্জুল, সদস্য বদরুল হাসান আগা, উপজেলা আওয়ামী লীগের সদস্য খোকা মণ্ডল, পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন, সাধারণ সম্পাদক ফজলু, ২নং ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক শুমার আলী, ৫নং ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আলী ও ৮নং ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ধুনট পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থীর বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় এজিএম বাদশাহ এবং তার (বাদশাহ) পক্ষ নেওয়ায় অন্য নয় নেতাকর্মীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
ধুনট পৌরসভায় বর্তমান মেয়র উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এজিএম বাদশাহর পরিবর্তে সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান শরিফকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। এতে নেতাকর্মীরা দ্বিধাবিভক্ত হয়ে পড়েন। অনেকে সংগঠনের দায়িত্বশীলদের এ সিদ্ধান্ত মেনে নিতে পারেননি। তারা দলীয় প্রার্থীর পরিবর্তে দলত্যাগী স্বতন্ত্র প্রার্থী বাদশাহর পক্ষ নেন।
/জেবি/এমএনএইচ/








