আখাউড়ায় বেকারিতে কাজ করার সময় বিস্কুট খাওয়ার অপরাধে লোহার রড দিয়ে শিশু শ্রমিককে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। জুনাইদ (১২) নামের নির্যাতনের শিকার ওই শিশু শ্রমিকের বাড়ি কুমিল্লা শহরে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে শিশু শ্রমিককে নির্যাতনের বিষয়টি স্থানীয়দের জানায়। এদিকে শিশুটিকে নির্যাতনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে। পরে খবর পেয়ে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে বেকারিটি সিলগালা করে দিয়েছে।
নির্যাতনের শিকার শিশু জুনাইদ বলে, ‘বেশ কিছু দিন ধরে আমি এই বেকারিতে কাজ করি। গত তিন দিন আগে আমি একটি বিস্কুট এবং একটি ডিম খেয়ে ফেলি। এ কারণে বেকারির মিস্ত্রি সাবু এবং মালিক বায়জিদ আমাকে গরম লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।’
শিশু জুনাইদ আরও জানায়, গত তিন মাসে ধরে তার ওপর এ নির্যাতন চলছে। প্রতিবাদ করলে তাকে বেকারির চুলায় ফেলে পুড়িয়ে মারার হুমকি দেওয়া হতো।
এদিকে অভিযুক্ত ইসলামিয়া বেকারির মালিক বায়েজিদ আহাম্মদ নির্যাতনের বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, ওই শিশুটিকে আমি মারিনি। বেকারির মিস্ত্রি সাবু মেরেছে। সে পালিয়ে গেছে, আমি পরে বিষয়টি শুনেছি।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্যাতনের খবর পেয়ে আখাউড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নূর-ই আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। ওই বেকারির অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য বানানোর অপরাধে ভোক্তা অধিকার আইনে ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা জরিমানা করে বেকারিটি সিলগালা এবং বেকারির মালিক বায়েজিদসহ অন্যদের থানায় নিয়ে আসা হয়।
ইউএনও মোহাম্মদ নূর-ই আলম বলেন, ওই বেকারিতে গিয়ে দেখা যায় আরও দুটি শিশু কাজ করছে। শিশু শ্রমিক দিয়ে কাজ করানোর অপরাধে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সিলগালা করে দেওয়া হয়েছে। এছাড়া শিশু শ্রমিক দিয়ে কাজ করানোর অপরাধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য বানানোর অপরাধে ভোক্তা অধিকার আইনে ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।








