নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৃষ্টি নামে একজন গৃহবৃধূ এবং আড়াইহাজারে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ও বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে লাশ দুটি উদ্ধার করা হয়।
কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ২ নম্বর ওয়ার্ড থেকে বৃষ্টি আক্তার (১৯) নামের ওই গৃহবধূর লাশ উদ্ধার প্রসঙ্গে রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল আলম জানান, বৃষ্টি আক্তার ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এমন সংবাদ পেয়ে লাশ উদ্ধার করতে যায় পুলিশ। ঘটনাস্থলে গিয়ে তার লাশ বিছানায় শোয়ানো অবস্থায় পাওয়া যায়। নিহতের গলায় বা শরীরে আঘাতের কোনও চিহ্ন পাওয়া যায়নি। এই ঘটনায় তার স্বামী আবুু বকর ও শাশুড়ি নাসিমা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, এই ঘটনায় মামলা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট এলে প্রকৃত ঘটনা জানা যাবে।
এদিকে নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিল থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে আড়াইহাজার উপজেলার লক্ষিবরদী মাদরাসা সংলগ্ন বিলের পানিতে অজ্ঞাত নারীর লাশটি ভাসমান অবস্থায় পাওয়া যায়। পুলিশের ধারণা, নারীকে অন্যত্র হত্যার পর লাশটি বিলে ভাসিয়ে দিয়েছে ঘাতকরা।
স্থানীয়দের বরাত দিয়ে আড়াইহাজার থানার উপপরিদর্শক গাজী শামীম জানান, দুপুরে বিলের পানিতে ভেসে থাকা অবস্থায় লাশটি দেখতে পায় এলাকাবাসী। লাশটি ৮-১০দিন আগের হতে পারে। তার বয়স ২০ থেকে ২৫ এর ভেতর হতে পারে। ধারণা করছি, নারীকে অন্য কোথাও হত্যা করে এখানে ফেলে রেখেছে।
আড়াইহাজার থানার ওসি (তদন্ত) শওকত হোসেন জানান, অজ্ঞাত নারীর লাশ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুুতি চলছে।








