নড়াইলের ‘জামাইবাবু’ হিসেবে খ্যাত ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃতুতে সদর উপজেলার চাচড়া-তুলারামপুরে বুধবার
দুপুরে শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াত স্ত্রী নড়াইলের মেয়ে শুভ্রা মুখোপাধ্যায়ের নামে প্রতিষ্ঠিত শুভ্রা মুখার্জি ফাউন্ডেশনের আয়োজনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
শুভ্রা মুখার্জি ফাউন্ডেশনের ট্রাস্টি কার্তিক ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. জসিম উদ্দিন, নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম ও তুলারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বুলবুল আহমেদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল পৌরসভার কাউন্সিলর মাহবুব আলম, এসএম সুলতান আর্ট কলেজের অধ্যক্ষ অনাদী কুমার বৈরাগী, সাবেক কমিশনার আশোক কুন্ডু, শুভ্রা মুখার্জী ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক তপন পাল চৌধুরী, নড়াইল প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি সুলতান মাহমুদ, শুভ্রা মুখার্জী ফাউন্ডেশনের কর্মকর্তা অয়ন দাস।
শ্রদ্ধাঞ্জলি শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার শুভ্রা মুখার্জী ফাউন্ডেশনের শোক বইতে স্বাক্ষর করেন।
স্মরণসভায় বক্তারা বলেন, ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ছিলেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। তিনি নড়াইলের মানুষের ছিলেন অতি আপনজন। বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে তিনি অকুণ্ঠ সমর্থন জানিয়েছেলেন। বাংলাদেশের জনগণের প্রতি তাঁর যে ভালোবাসা নড়াইল তথা এদেশের মানুষ আজীবন তা স্মরণে রাখবে।








