নিখোঁজের দুই বছর পর জানা গেল খুন হয়েছেন মার্জিয়া

নরসিংদী প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০২০, ০৪:২৪আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২০, ০৪:২৯

নিখোঁজের দুই বছর পর জানা গেল খুন হয়েছেন মার্জিয়া নরসিংদীর বেলাব উপজেলার মার্জিয়া কান্তা (২৫) নামের এক নারী গত দুই বছর ধরে নিখোঁজ ছিলেন। স্বামীর সঙ্গে ভারত ভ্রমণের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি। এরপর থেকে তার কোনও খবর পাওয়া যায়নি। প্রায় দুই বছর পর নরসিংদীর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) বলছে, মার্জিয়াকে হত্যা করে লাশ গুম করেছিলেন তারই স্বামী। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকালে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নরসিংদীর পুলিশ সুপার মো. এনায়েত হোসেন।

তিনি জানান, গৃহবধূ মার্জিয়াকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে নরসিংদীর বেলাব থেকে পটুয়াখালীর কুয়াকাটায় নিয়ে যাওয়া হয়। সেখানকার আবাসিক হোটেল আল মদিনার একটি কক্ষে তাকে গলাটিপে হত্যা করা হয়। পরে তার লাশ খাটের তলায় লুকিয়ে পালিয়ে যান স্বামী শহিদুল ইসলাম ও তার সহযোগী। পরে হোটেল কর্তৃপক্ষ পুলিশি ঝামেলা এড়াতে লাশটি সমুদ্রে ফেলে দেয়।

এ ঘটনায় নিহতের স্বামী ও কুয়াকাটার একটি আবাসিক হোটেলের দুই মালিকসহ পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে।

হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার হওয়াদের মধ্যে রয়েছেন কান্তার স্বামী কুড়িগ্রামের রৌমারি এলাকার শহিদুল ইসলাম ওরফে সাগর (৩৭), তার সহযোগী একই এলাকার শাহিনুর ইসলামের ছেলে মো. মামুন মিয়া (২৬), পটুয়াখালীর কুয়াকাটা এলাকার হোটেল আল মদিনার মালিক মো. দেলোয়ার হোসেন (৪৪), তার ভাই আনোয়ার হোসেন (৩৭) এবং ওই হোটেলের ম্যানেজার আমির হোসেন (৩৮)।

নিহত মার্জিয়া কান্তা নরসিংদীর বেলাব উপজেলার বীরভাগবেড় গ্রামের সেহারাব হোসেনের মেয়ে। সে সাভারের আশুলিয়ায় কান্তা বিউটি পার্লার নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ছিলেন। ২০১৮ সালের ২১ সেপ্টেম্বরে ভারত ভ্রমণের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

পিবিআই বলছে, পরিচয়ের সূত্র ধরে পার্লার ব্যবসায়ী মার্জিয়া কান্তার সঙ্গে বিয়ে হয় কুড়িগ্রামের শহিদুল ইসলাম সাগরের। বিয়ের পর সাগরের আরও একাধিক স্ত্রী থাকার বিষয়ে জানতে পারেন মার্জিয়া। এ নিয়ে তাদের মধ্যে কলহের সৃষ্টি হয়। ২০১৮ সালের অক্টোবরে নরসিংদীর বেলাব উপজেলার মার্জিয়াদের বাড়ি থেকে তাকে নিয়ে ভারত ভ্রমণের উদ্দেশ্যে বের হন স্বামী শহিদুল ইসলাম। পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে তাকে প্রথমে নিয়ে যাওয়া হয় রাজধানীর সাভারের আশুলিয়ার বাসায়। সেখান থেকে প্রস্তুতি নিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়ে তারা শরিয়তপুর যায়। সেখান থেকে সহযোগী মামুনকে নিয়ে নদী ভাঙ্গন দেখানোর কথা বলে মার্জিয়াকে হত্যার চেষ্টা করা হয়। তবে সে পরিকল্পনা ব্যর্থ হলে তাকে শরীয়তপুর থেকে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত দেখানোর নাম করে সেখানকার আল মদিনা নামের একটি আবাসিক হোটেলে উঠেন তারা। ওই হোটেল কক্ষেই স্বামী শহিদুল ও তার সহযোগী মামুন মার্জিয়াকে গলাটিপে হত্যা করে খাটের তলায় লাশ লুকিয়ে রেখে পালিয়ে যায়। পরে হোটেল কর্তৃপক্ষ পুলিশি ঝামেলা এড়াতে লাশটি কুয়াকাটা সমুদ্রে ফেলে দেয়। এর আগে হোটেল কক্ষ থেকে মার্জিয়ার লাশ না পেলেও অজ্ঞাত ব্যক্তিদের লাগেজ, কাপড়, একটি চাপাতিসহ কিছু আলামত উদ্ধার করে স্থানীয় পুলিশ এবং এ ঘটনায় জিডি করে রাখা হয়।

পিবিআই নরসিংদীর পুলিশ সুপার মো. এনায়েত হোসেন জানান, হত্যার পর কুয়াকাটা সমুদ্র সৈকতে ফেলে দেওয়ায় লাশ উদ্ধার করতে না পারলেও উদ্ধার করা হয়েছে নিহতের ব্যবহৃত লাগেজ, কাপড়, জুতাসহ অন্যান্য আলামত। মার্জিয়া কান্তা নিখোঁজের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত করতে গিয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের গ্রেফতার করা হয়। পরে তদন্তে বেরিয়ে আসে হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য। গ্রেফতার আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে বলে জানান পিবিআইয়ের পুলিশ সুপার।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম