ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের মাধবপুরের নোয়াপাড়ায় ট্রাক-জিপের মুখোমুখি সংঘর্ষে উপজেলা চেয়ারম্যানসহ চার জন নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় আরও একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকালে এ দুর্ঘটনা ঘটে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক এ তথ্য নিশ্চিত করেন।
নিহতরা হলো যশোরের বাঘারপাড়া উপজেলা চেয়ারম্যান নাজুমল ইসলাম কাজল, একই এলাকার নওরিন আক্তার। তবে অপর দুজনের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি জিপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত হন। গুরুতর আহত হন আরও তিন জন। তাদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে আরও দুজনের মৃত্যু হয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে। বাকি দুজন নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
যশোরের বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজ জানান, হবিগঞ্জে দুর্ঘটনায় বাঘারপাড়া উপজেলা চেয়ারম্যানসহ ৪ জন মারা যাওয়ার খবর আমরা নিশ্চিত হয়েছে। তাদের লাশ আনার প্রক্রিয়া চলছে।








