পুকুরের পানিতে ডুবে পঞ্চগড়ে এক শিশুর ও গাজীপুরের কালীগঞ্জে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার তাদের লাশ উদ্ধার হয়।
পঞ্চগড় প্রতিনিধি জানান, পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে ইলিয়াস নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর ) জেলার সদর উপজেলার অমরখানা ইউনিয়নের নরদেপ পাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। সে ওই গ্রামের জেরিনের ছেলে।
অমরখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুজ্জামান নুরু জানান, বাড়ির আঙিনায় খেলার এক পর্যায়ে ইলিয়াসকে খুঁজে পাচ্ছিলেন না পরিবারের লোকজন। ইলিয়াস সবার অগোচরে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। খোঁজাখুজির একপর্যায়ে পুকুরের পানিতে তার মৃতদেহ ভাসতে দেখে পরিবারের লোকজন। পরে তাকে উদ্ধার করে পঞ্চগড সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পঞ্চগড় সদর থানার ওসি আবু আককাছ আহমেদ পুকুরের পানিতে পড়ে শিশু ইলিয়াসের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
গাজীপুর প্রতিনিধি জানান, গাজীপুরে কালীগঞ্জের এক পুকুর থেকে নিখোঁজ মোজাম্মেল শেখের (৪৩) লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি মোজাম্মেল কালীগঞ্জ উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের ধুবুরিয়া শেখ বাড়ি এলাকার মৃত সিরাজ উদ্দিন শেখের ছেলে। সোমবার দুপুরে বাড়ির পাশের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। রবিবার থেকে নিখোঁজ ছিলেন তিনি।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক জানান, মাছ চাষের জন্য রবিবার বিকেলে বাড়ির পাশের একটি পুকুর পরিষ্কার করতে বের হয়ে নিখোঁজ হন মোজাম্মেল শেখ। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তার সন্ধান পায়নি। পরদিন সোমবার দুপুরে ওই পুকুরে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে।
তারা জানান, মোজাম্মেল দু’টি বিয়ে করেন। বনিবনা না হওয়ায় স্বামীকে ডিভোর্স দিয়ে উভয় স্ত্রী চলে যায়। এতে বেশ কিছুদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন তিনি। এছাড়াও মোজাম্মেল মৃগী রোগী ছিলেন। ধারণা করা হচ্ছে, অসুস্থ মোজাম্মেল পা পিছলে পুকুরে পড়ে পানিতে ডুবে গেলে এ ঘটনা ঘটে।








