ভারত থেকে বাংলাদেশে পেঁয়াজ রফতানি স্বাভাবিক থাকলেও একদিনের ব্যবধানে সাতক্ষীরা ভোমরা স্থলবন্দরে পেঁয়াজের দাম প্রতি কেজিতে বাড়ানো হয়েছে ২ টাকা। তবে দাম বাড়িয়ে আমদানিকারকরা দাবি করছেন, ভারতের ভেতরে পেঁয়াজের চাহিদা বাড়ায় দাম বেড়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) যে পেঁয়াজ ৩৮-৩৯ টাকা দরে বিক্রি হয়েছে, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সেই পেঁয়াজ ৪০-৪১ (ঢাকা-চট্টগ্রাম-ফেনী ট্রাক লোডিং) দরে বিক্রি হচ্ছে।
সাতক্ষীরা ভোমরা কাস্টমস সহকারী কমিশনারের কার্যালয় সূত্রে জানা গেছে, ভোমরা স্থলবন্দর দিয়ে মঙ্গলবার (৮ সেপ্টম্বর) ৭৪ ট্রাকে করে ১ হাজার ৭৩০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। এছাড়া রবিবার (৬ সেপ্টেম্বর) ৮৫ ট্রাকে ১ হাজার ৮৭০ মেট্রিক টন এবং সোমবার (৭ সেপ্টেম্বর) ৭৮ ট্রাকে ১ হাজার ৮৯৭ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে।
ভোমরা স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী মেসার্স কালাম ইন্টারন্যাশনালের সত্ত্বাধিকারী খোরশেদ আলী বলেন, ভারতীয় পেঁয়াজের দাম প্রতিদিনই বাড়ছে। ভারতে অভ্যন্তরে পেঁয়াজের চাহিদা বৃদ্ধি পেয়েছে এবং মুম্বাই পোর্ট থেকে বিশ্বের বিভিন্ন দেশে পেঁয়াজ রফতানি হচ্ছে। সে কারণে সেখানে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। তার প্রভাব আমাদের দেশের ওপর পড়েছে।
তিনি আরও বলেন, ভোমরা পাইকারি বাজারে গতকাল (রবিবার) ৬ সেপ্টেম্বর ৩৮/৩৯ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। আজ মঙ্গলবার এলসির পেঁয়াজের গাড়ি লোডিং রেট (ঢাকা, চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা ও সিলেট) ৪০/৪১ টাকা।








