নিখোঁজের ১৪ ঘণ্টা পর নিজ বাড়ির পুকুর থেকে সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর বড় ভাই আবুল ওয়াফা মোহাম্মদ শাহাবুদ্দীনের (৬৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৯ সেপ্টেম্বর) সাতকানিয়া মাদার্শা ইউনিয়নের মক্কার বাড়ি এলাকায় এমপি নদভীর নিজ বাড়ির পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘পুকুরে লাশ ভেসে উঠলে লোকজন খবর দেয়। পরে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে।’
স্বজনরা জানিয়েছেন, মঙ্গলবার দুপুর থেকে নিখোঁজ ছিলেন শাহাবুদ্দীন। অনেক খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে বুধবার ভোরে শাহাবুদ্দীনের মরদেহ বাড়ির পুকুরে ভেসে ওঠে।
এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে জানিয়ে ওসি আনোয়ার হোসেন বলেন, আমরা ওই বাড়িতে লাগানো সিসিটিভি ফুটেজ দেখেছি। সেখানে দেখা যায়, মঙ্গলবার দুপুরে পুকুরে ওযু করতে যাওয়ার পর তিনি পানিতে পড়ে যান। তাই প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি একটি দুর্ঘটনা।








