বরিশাল নগরীর লঞ্চঘাটে ফেলে যাওয়া তাসমিয়া আক্তার তানিয়ার (১০) ঠাঁই হয়েছে রূপাতলী শেখ রাসেল স্মৃতি প্রশিক্ষণ ও পুর্নবাসন কেন্দ্রে (বালিকা)। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকালে জেলা প্রশাসক ওই পুর্নবাসন কেন্দ্রের তত্ত্বাবধায়কের হাতে তানিয়াকে তুলে দেন।
জানা যায়, তানিয়া পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলার মাহামুদকাঠী এলাকার আব্দুল সালাম তালুকদারের মেয়ে। সালাম বর্তমানে ঢাকার একজন ক্ষুদ্র ব্যবসায়ী।
নগরীর ডিসি অফিস সংলগ্ন এলাকার বাসিন্দা সুমন হোসেন জানান, দুপুরে মেয়েটি কান্না করতে করতে তাদের বাসার সামনে যায়। এসময় তার বোন কান্নার কারণ জানতে চায়। তানিয়া জানায়, তার সৎ ভাই মনির তাকে চট্টগ্রাম মামার বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে বরিশাল নিয়ে আসে। এরপর ৫০ টাকা দিয়ে লঞ্চঘাটে দাঁড় করিয়ে রাখে। দীর্ঘক্ষণ দাঁড়ানোর পরও সে আসেনি।
তিনি আরও জানান, এরপর তানিয়াকে আমাদের বাসায় আশ্রয় দিয়ে খেতে দেই। মেয়েটিকে কী করা যায় এজন্য জেলা সমাজ সেবার প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজকে বিষয়টি অবহিত করি। তার পরামর্শে বিকালে মেয়েটিকে জেলা প্রশাসকের কক্ষে নিয়ে যাই।
প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ জানান, বিকেলে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের কক্ষে মেয়েটিকে নিয়ে যাওয়া হয়। এরপর জেলা প্রশাসক নগরীর রূপাতলীতে অবস্থিত শেখ রাসেল প্রশিক্ষণ ও পুর্নবাসন কেন্দ্রের তত্ত্বাবধায়ক বাসুদেবের কাছে হস্তান্তর করেন।
তানিয়া জানায়, চার বছর আগে তার মা মারা যায়। এরপর দ্বিতীয় বিয়ে করে তার বাবা। তানিয়া তার পরিবারে আর ফিরে যেতে চায় না। সে শেখ রাসেল প্রশিক্ষণ ও পুর্নকবাসন কেন্দ্রে বসবাস করেই পড়াশুনা চালিয়ে যেতে চায়।








