কুমিল্লার মুরাদনগরে স্বামী আবু তাহেরকে হত্যার দায়ে স্ত্রী জোলেখা বেগমকে (৪৭) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া আসামিকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দুই বছরের জেল দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) কুমিল্লার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ অল-মামুন এই রায় ঘোষণা করেন। সাজার বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে ২০০৯ সালের ৪ মার্চ রাতে কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামগড় ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের আবু তাহেরকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করে স্ত্রী জোলেখা বেগম। হত্যাকাণ্ডের ঘটনার আগে দিনের বেলায় পারিবারিক নানা বিষয় নিয়ে তাদের মধ্যে ঝামেলা হয়। পরবর্তীতে রাত ৯-১০টার দিকে স্বামী-স্ত্রী একই বিছানায় ঘুমাতে যায়। এরপর আনুমানিক সাড়ে ১১টার দিকে স্বামী আবু তাহেরকে ঘুমে রেখে গলায় দা দিয়ে কুপিয়ে হত্যা করে স্ত্রী জোলেখা। পরবর্তীতে স্বামীর মরদেহ ঘরে রেখে পার্শ্ববর্তী বাড়ির পাশে ঝোপের ভেতর লুকিয়ে থাকে সে। জোলেখা আদালতে বিচারকের সামনে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে এসব তথ্য দিয়েছিলেন।
আরও জানা যায়, হত্যাকাণ্ডের পরদিন পুলিশ আবু তাহেরের মরহেদ উদ্ধার করে এবং স্ত্রী জোলেখাকে ঝোপের ভেতর থেকে আটক করে। পরবর্তীতে তাহেরের ভাই ওয়াহেদ আলী বাদী হয়ে মুরাদনগর থানায় একটি মামলা দায়ের করেন।








