দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) রেজিস্ট্রার পদে অর্থনীতি বিভাগের প্রফেসর মোহাম্মদ রাজিব হাসানকে দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদনক্রমে ডেপুটি রেজিস্ট্রার স্বাক্ষরিত এ সংক্রান্ত অফিস আদেশ (স্মারক নং-হাবিপ্রবি/সংস্থা./৬৬৮১) জারি করা হয়।
অফিস আদেশে বলা হয়, ‘এ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) পদে নিযুক্ত প্রফেসর ডা. মো. ফজলুল হককে (মেডিসিন সার্জারি অ্যান্ড অবস্ট্রেটিক্স বিভাগ) ৭.১০.২০২০ তারিখ হতে রেজিস্ট্রারের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। একইসঙ্গে অর্থনীতি বিভাগের প্রফেসর মোহাম্মদ রাজিব হাসানকে তার নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিম্নবর্ণিত শর্তে রেজিস্ট্রারের দায়িত্বে নিযুক্ত করা হলো। বিশ্ববিদ্যালয়ের আইন ২০০১ এর ১১ ধারার ১২ উপধারা মোতাবেক এ আদেশ কার্যকর করা হলো।’
আদেশে শর্ত দেওয়া হয়েছে, ‘তিনি বিশ্ববিদ্যালয়ের বিধি ও বিধান মেনে চলতে বাধ্য থাকবেন, সংশ্লিষ্ট দায়িত্বে থাকা অবস্থায় বিধি মোতাবেক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন, প্রয়োজনে কর্তৃপক্ষ এ আদেশ বাতিল করতে পারবেন ও এ আদেশ ৭.১০.২০২০ তারিখ হতে কার্যকর হবে।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মু. আবুল কাশেম নতুন রেজিস্ট্রার হিসেবে প্রফেসর রাজিব হাসানকে দায়িত্ব দেওয়ার কথা স্বীকার করেছেন। প্রফেসর মোহাম্মদ রাজিব হাসান ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালকের দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, ৬ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অসহযোগিতায় একাডেমিক ও প্রশাসনিক কাজে চরম অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এমন অভিযোগ এনে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে জড়িত ১৭ জন কর্মকর্তা তাদের দায়িত্ব পালনে বিরত থাকার সিদ্ধান্ত নেয়। তাদের নেতৃত্ব দিয়েছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ডা. ফজলুল হক। এ কারণে পদটির পরিবর্তন করা হতে পারে।







