নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জব্বার ইউনিয়নের উত্তর জাহাজমারা গ্রামের প্রভিডা ফিড ফ্যাক্টরির পেছনের ধান ক্ষেতের বিভিন্ন জায়গা থেকে নুর জাহান বেগম (৪২) নামে এক নারীর শরীরের খণ্ডিত গলা থেকে বুকের অংশ ও দুটি পা উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় নিহতের ছেলে হুমায়ূন কবির বুধবার (৭ অক্টোবর) রাতে বাদী হয়ে অজ্ঞাত ৬ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছে।
এর আগে, পুলিশ ওই নারীর শরীরের মাথা ও কোমরের খণ্ডিত দুটি অংশ বুধবার বিকালে উদ্ধার করে। দুর্বৃত্তরা নৃশংসভাবে ওই নারীকে টুকরো টুকরো করে ধান ক্ষেতের বিভিন্ন স্থানে শরীরের অঙ্গগুলো ছড়িয়ে ছিটিয়ে রাখে।
নির্মমভাবে খুন হওয়া নূর জাহান বেগম একই এলাকার মৃত আব্দুল বারেকের স্ত্রী। তিনি তিন সন্তানের জননী।
চর জব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন বলেন, 'একই এলাকার আবাদি ধান ক্ষেতের বিভিন্ন স্থান থেকে শরীরের খণ্ডিত বুকের অংশ ও দুটি পা সহ তিনটি অংশ উদ্ধার করা হয়েছে। এর আগে, নিহত নারীর মরদেহের দুই টুকরো অন্য একটি ধানক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে।'
পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, 'এটি একটি নৃশংস ঘটনা। অতি দ্রুত সময়ের মধ্যে এই হত্যার রহস্য উদঘাটন করে খুনিদের গ্রেফতার করা হবে। '








