দেশব্যাপী শিশু ও নারী নির্যাতন এবং ধর্ষণের বিচারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দিনাজপুরে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে দিনাজপুর প্রেস ক্লাবের সামনে এসব প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালন করে কালের কণ্ঠ শুভসংঘ, নারী সংগঠন পল্লীশ্রী, আলোর পথে জাগো দিনাজপুর, নাগরিক উদ্যোগ, কমিউনিস্ট পার্টি, সাধারণ শিক্ষার্থীসহ অন্যান্য সংগঠন।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘ধর্ষণের সর্বোচ্চ শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড এবং ধর্ষণ-যৌন নির্যাতন সংক্রান্ত সব মামলায় বাদী পক্ষে আইনজীবী নিয়োগ এবং মামলা পরিচালনায় যাবতীয় ব্যয়ভার রাষ্ট্রকে বহন শতভাগ নিশ্চিত করতে হবে।’ ‘ধর্ষণমুক্ত বাংলাদেশ চাই, ধর্ষকের শাস্তি চাই, প্রকাশ্য ধর্ষকের বিচার’সহ বিভিন্ন দাবি উত্থাপন করে স্লোগান দেন তারা। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসব কর্মসূচিতে অংশগ্রহণ করে।
প্রতিবাদ ও মানববন্ধনে বক্তব্য রাখেন– কালের কণ্ঠ দিনাজপুর প্রতিনিধি এমদাদুল হক মিলন, পল্লীশ্রীর নির্বাহী পরিচালক শামিম আরা বেগম, বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি কানিজ রহমান, সিপিবি দিনাজপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বাদল, কালের কণ্ঠ শুভসংঘ দিনাজপুর জেলা শাখার সভাপতি রাসেল ইসলাম, হাবিপ্রবি শাখার সাবেক সাধারণ সম্পাদক শাহনেওয়াজ শরীফ, আলোর পথে জাগো যুব দিনাজপুর সভাপতি মোসাদ্দেক হোসেন, সামাজ কর্মী মকিদ হায়দার শিপন প্রমুখ।








