শখের বসে নদীতে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে ছাত্রলীগ নেতা সাজেদুর রহমান সাজুর মৃত্যু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকালে পার্বতীপুর শহরের শহীদ ইব্রাহিম নগরের পাশে তিলাই নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন তিনি। দুপুর ২টায় ওই নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পার্বতীপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত সাজু শহীদ ইব্রাহিম নগরের মোমিনুল ইসলামের ছেলে ও পার্বতীপুর পৌরসভা শাখার ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক।
জানা গেছে, শহরের শহীদ ইব্রাহীম নগর মহল্লার মমিনুল ইসলাম ও তার ছেলে সাজু শনিবার সকাল ১০টায় বাড়ির পাশের তিলাই নদীতে মাছ ধরতে যান। জাল দিয়ে মাছ ধরার এক পর্যায়ে বাবাকে সাহায্য করতে গিয়ে পা পিছলে খরস্রোতা নদীতে পড়ে যান সাজু। দীর্ঘ সময় খোঁজাখুজির পর স্থানীয় লোকজন দুপুর ২টায় তার মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।








