যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় মালবাহী ট্রেনের ইঞ্জিনে কাটা পড়ে অজ্ঞাত (৩০) যুবক মারা গেছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন।
সোমবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে অভয়নগর উপজেলার নওয়াপাড়া বেঙ্গল গেট রেলক্রসিংয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নওয়াপাড়া রেলস্টেশন সূত্র জানায়, সন্ধ্যায় বেঙ্গলগেট রেলক্রসিং এলাকায় রেললাইনের ওপর বসে তিনজন ফোনে কথা বলছিল। এসময় চুয়াডাঙ্গার দর্শনা থেকে একটি মালবাহী ট্রেন নওয়াপাড়া রেল স্টেশনে যাচ্ছিল। ট্রেনটি বেঙ্গলগেট রেলক্রসিং এলাকায় পৌঁছায়। ওইসময় পাশের রেললাইনে অপর একটি মালবাহী ট্রেন শান্টিং করছিল। দর্শনা থেকে আসা ট্রেনের আলো দেখে তারা সরে যাওয়ার জন্য সামনে লাফ দিলে একজন লাইনের ধারেই পড়ে যান। শান্টিং করা ট্রেনের ইঞ্জিনে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। আহত হন অন্য দুইজন। তাদের মধ্যে হোসেন আলী (২০) নামে একজনকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শুভ্র প্রসূণ মুখার্জী সাংবাদিকদের বলেন, হোসেন আলীর অবস্থা গুরুতর। তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নওয়াপাড়া রেলওয়ে স্টেশনমাস্টার মো. মহসিন রেজা মালবাহী ট্রেনের ইঞ্জিনের তলায় কাটা পড়ে একজনের মৃত্যু ও দুজন আহত হওয়ার কথা স্বীকার করে বলেন, তাদের নাম পরিচয় জানা যায়নি। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ি টু-আইসি রেজাউল করিম জানান খবর পেয়ে রেল পুলিশ ঘটনাস্থলে গেছে।








