পিরোজপুরের নেছারাবাদে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকারের অপরাধে ৬ জেলেকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৪ অক্টোবর) সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.মোশারেফ হোসেন এই জরিমানা করেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ জানান, মঙ্গলবার দিনগত গভীর রাতে উপজেলার সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে ৬ জেলেকে আটক করা হয়। আটকরা হলো- ব্যাসকাঠির রতন দাস ও অপুর্ব হালদার, কামারকাঠি গ্রামের রুহুল আমিন, নাসির শেখ, মো. শিপন, সিদ্দিক মিয়া। এসময় জেলেদের কাছ থেকে ২২টি ইলিশ, ৮ হাজার মিটার কারেন্ট জাল এবং ব্যবহৃত তিনটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়।
বুধবার সকালে আটকদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালতের বিচারক প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেন।








