সিলেটে রায়হান আহমদ হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ডে থাকা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আশেক এলাহীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা মুহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তদন্ত কর্মকর্তা বলেন, ‘আশেক এলাহি জিজ্ঞাসাবাদের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তার বুকে ব্যথা শুরু হয়। পরে তাকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’
হাসপাতালের চিকিৎসকের বরাত দিয়ে তিনি বলেন, ‘এএসআই এলাহি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। একই সঙ্গে তার উচ্চ রক্তচাপও ধরা পড়েছে। বর্তমানে তিনি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।’
এর আগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সিলেটের অতিরিক্ত চিফ মহানগর ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান বন্দরবাজার পুলিশ ফাঁড়ির এএসআই আশেক এলাহির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তাকে ২৮ অক্টোবর রাতে পুলিশ লাইনসে থাকা অবস্থায় গ্রেফতার দেখায় পিবিআই।
উল্লেখ্য, গত ১১ অক্টোবর রাত ৩টার দিকে রায়হানকে সিলেট কোতয়ালি থানার বন্দরবাজার ফাঁড়িতে তুলে নিয়ে নির্যাতন করা হয় বলে অভিযোগ পাওয়া যায়। নির্যাতনে রায়হান মারা যান। এ ঘটনায় তার স্ত্রী তাহমিনা আক্তার তান্নি পরদিন হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে মামলা করেন।








