বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিন দফা দাবিতে ইন্টার্ন ডক্টর্স অ্যাসোসিয়েশনের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটের তৃতীয় দিন পার হলো সোমবার (২ অনেভম্বর)। সকালে হাসপাতালে গিয়ে কোনও ইন্টার্ন চিকিৎসকদের কাজে দেখা যায়নি। ধর্মঘটের কারণে ভোগান্তিতে পড়েছেন সাধারণ রোগী ও স্বাজনরা। তারা জানান, রবিবার দুপুরের পর থেকে কোনও চিকিৎসক তাদের খোঁজ নেননি।
ইন্টার্ন চিকিৎসকদের দাবির মধ্যে রয়েছে- ডা. মাসুদ খান কর্তৃক দায়ের করা মামলা প্রত্যাহার ও বিভিন্ন মহল দিয়ে হয়রানি বন্ধ করা, ডা. মাসুদ খানের বিরুদ্ধে আনিত অভিযোগের সুষ্ঠু বিচার এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে প্রচার হওয়া অসত্যের জন্য মানহানির বিচার করা।
এ বিষয়ে হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, দুই পক্ষকে নিয়ে আলোচনায় বসা হয়েছিল। কিন্তু কোনও পক্ষ নিজ অবস্থান থেকে ছাড় দিতে রাজি না হওয়ায় সমঝোতা হয়নি। সমস্যা সমাধানের চেষ্টা চলছে।
প্রসঙ্গত, ৩০ অক্টোবর মেডিসিন ইউনিট-৪ এর সহকারী রেজিস্ট্রার মো. মাসুদ খান তার ওপর হামলা ও মারধরের অভিযোগে কোতোয়ালি মডেল থানায় ইন্টার্ন ডক্টর্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও সম্পাদকসহ ১০ জনের নামে মামলা করেন। মামলার খবর পেয়ে ২৯ অক্টোবর দিবাগত রাত ১২টা ১মিনিটে কোনও পূর্ব ঘোষণা ছাড়াই ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতালের জরুরি বিভাগে তালা দিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে কর্তৃপক্ষের সমঝোতার আশ্বাসে ওই সময় ধর্মঘট স্থগিত করা হয়। কিন্তু কোনও সমঝোতা না হওয়ায় শনিবার ইন্টার্ন চিকিৎসকরা ঘোষণা দিয়ে কর্মবিরতি শুরু করেন।








