গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তা থেকে ছয় ছিনতাইকারীকে গ্রেফতার করেছে হাইওয়ে পুলিশের সদস্যরা। এসময় তাদের থেকে ছিনতাই হওয়া টাকা, কয়েকটি মোবাইলফোন সেট উদ্ধার ও প্রাইভেটকার জব্দ করা হয়। রবিবার দিবাগত রাতে (২ নভেম্বর) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার মাওনা উড়াল সেতুতে তাদের গ্রেফতার করা হয় বলে জানান মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এআরএ আল-মামুন।
গ্রেফতার হওয়াদের মধ্যে রয়েছে আব্দুল্লাহ আল ফাহাদ শিমুল (২০), মঞ্জুর হোসেন (১৮), মমিনুল ইসলাম (১৮), কিশোর অপরাধী আল আমীন (১৭), কিশোর অপরাধী পাপুল মিয়া (১৭), নিরবুল হাসান (১৪)। গ্রেফতার হওয়াদের সবার বাড়ি শ্রীপুর উপজেলার তালতলী গ্রামে।
মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এআরএ আল-মামুন জানান, যাত্রী সেজে ওই ছিনতাইকারীরা লোকের মাধ্যমে জৈনা বাজার থেকে প্রাইভেটকার ভাড়া নিয়ে ময়মনসিংহের ভালুকার উদ্দেশ্যে রওনা হয়। পথে স্থানীয় আরএকে সিরামিকস কারখানার সামনে গিয়ে চালককে গাড়ি থামাতে বলে। পরে ওইখানে মধ্যরাত ১টার দিকে দুই পথচারীর গতিরোধ করে ভয়ভীতি দেখিয়ে তাদের সঙ্গে থাকা টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে আবার প্রাইভেটকারে ওঠে। পরে বিভিন্ন এলাকা ঘুরে আবার জৈনা বাজার এলাকায় এসে তাদের কয়েকজন গাড়ি থেকে নেমে এক পথচারীর থেকে টাকা ছিনিয়ে নেয়। রাত ২টার দিকে প্রাইভেটকার নিয়ে মহাসড়কের মাওনা উড়াল সেতুর কাছে এসে প্রাইভেটকার থামিয়ে চালক তার ভাড়া চাইলে ভয়ভীতি দেখিয়ে চালকের সঙ্গে থাকা আড়াই হাজার টাকা ছিনিয়ে নেয় অপরধারীরা। পরে প্রাইভেটকার চালক কৌশলে কারের মালিককে জানালে তিনি মাওনা হাইওয়ে থানা পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ উড়াল সেতুর কাছে গিয়ে ছিনতাইকারীদের আটক করে এবং তাদের থেকে ছিনতাই হওয়া টাকা, কয়েকটি মোবাইলসেট উদ্ধার ও প্রাইভেটকারটি জব্দ করে। আটক আসামিদের শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, এ ঘটনায় প্রাইভেটকার চালক ময়মনসিংহের গফরগাঁও উপজেলার জন্মেজয় এলাকার মোমিন মিয়ার ছেলে সোহাগ মিয়া বাদী হয়ে ছিনতাইকারীদের বিরুদ্ধে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।








