পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন হাওলাদারকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আনছার উদ্দিন মোল্লাকে মারপিটের অভিযোগে বাউফল থানায় মামলা হয়। দায়ের হওয়া মামলায় মঙ্গলবার (৩ নভেম্বর) ভোররাতে বরিশাল লঞ্চঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বাউফল উপজেলার বগা পুলিশ তদন্ত কেন্দ্রর পরিদর্শক মো. মহিবুল্লাহ জানান, ২৯ অক্টোবর সন্ধ্যায় কৃষি অধিদফতরের উপসহকারী কর্মকর্তা কনকদিয়া গ্রামের বাসিন্দা আনছার মোল্লা বাড়ির অদূরে কনকদিয়া বাজারে যান। সেখানে ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন হাওলাদারের সঙ্গে তার দেখা হয়। এক পর্যায়ে আনছার উদ্দিনকে ডেকে নিয়ে শাহিন হাওলাদার উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামানের নাম ধরে গালাগাল করেন। আনছার উদ্দিন এর প্রতিবাদ করলে তাকে বাজারের মধ্যে শাহিন হাওলাদার পিটিয়ে আহত করেন।
এ ঘটনায় ওই রাতেই আনছার উদ্দিন মোল্লা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ইউপি চেয়ারম্যান শাহিন হাওলাদারকে আসামি করে বাউফল থানায় একটি মামলা করেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, চেয়ারম্যান শাহিন হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।








