দিনাজপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকালে দিনাজপুরের অতিরিক্ত জেলা জজ আদালত-৩ এর বিজ্ঞ বিচারক মেহেদী হাসান মন্ডল এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামির নাম দেলোয়ার হোসেন (৫২)। তিনি জেলার পার্বতীপুর উপজেলার দক্ষিণপাড়া গ্রামের মৃত. আকবর আলীর ছেলে।
মামলা ও আদালত সূত্রে জানা যায়, গত ২০০৫ সালে পার্বতীপুরের উত্তর সালন্দর কাগজিয়া পাড়ার আকবর আলীর কন্যা রাবেয়া বেগমের সঙ্গে বিয়ে হয় দেলোয়ার হোসেনের। বিয়ের পর থেকেই যৌতুকসহ বিভিন্ন কারণে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ উঠে দেলোয়ার হোসেনের বিরুদ্ধে। ২০১২ সালের ২৮ ডিসেম্বর দুপুরে পারিবারিক কলহের জের
ধরে দেলোয়ার তার স্ত্রী রাবেয়া বেগমকে লোহার শাবল দিয়ে মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই রাবেয়ার মৃত্যু হয়। এসময় এলাকাবাসী দোলোয়ারকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
ওইদিনই রাবেয়ার ভাই আবু তাহের বাদী হয়ে পার্বতীপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। পরের দিনই সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে দেলোয়ার হোসেন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। দীর্ঘ ৮ বছর পর মামলার স্বাক্ষ্য-প্রমাণসহ বিভিন্ন কার্যক্রম শেষে দণ্ডবিধির ৩০২ ধারায় আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেন বিচারক।
মামলার রাষ্ট্রপক্ষে ছিলেন এপিপি অ্যাড. আতাউর রহমান আতা এবং আসামিপক্ষে ছিলেন (স্টেট ডিফেন্স) অ্যাড. খলিলুর রহমান। আইনজীবীরা এসব তথ্য নিশ্চিত করেছেন।








