এসএসসি পাস করেই নামের আগে ডাক্তার লাগিয়ে নিয়মিত রোগীদের ব্যবস্থাপত্র দিতেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সুকুমার বৈদ্য (৪৫)। বুধবার (৪ নভেম্বর) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে তার ভুয়া ডাক্তার হওয়ার প্রমাণ মিলে। এ ঘটনায় তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। সুকুমার বৈদ্য ধল্লা গ্রামের সুনীল কুমার বৈদ্যর ছেলে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের জেলা সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, সুকুমার বৈদ্য উপজেলার ধল্লা বাজারে ‘বৈদ্য মেডিক্যাল হল’ নামে একটি ফার্মেসি খুলে দীর্ঘদিন ধরে রোগীদের সঙ্গে প্রতারণা করছেন। গোপন সংবাদের ভিত্তিতে তার ফার্মেসিতে অভিযান চালিয়ে তাকে জরিমানা করা হয়। একইসঙ্গে ভবিষ্যতে সে এমন কাজ করবে না বলে মুচলেকা দিয়েছে।
তিনি আরও জানান, এসএসপি পাশ সুকুমার বৈদ্য ধামরাই থেকে পল্লী চিকিৎসার ওপর একটি কোর্স করে এমবিবিএস ডাক্তারদের মতো চিকিৎসার পাশাপাশি রোগীদের ব্যবস্থাপত্র দিতেন। বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন অনুযায়ী কোনও ব্যক্তি এমবিবিএস/বিডিএস ব্যতিত নামের আগে ডাক্তার লিখতে পারবেন না।








