দীর্ঘ চার মাসেও খোঁজ মেলেনি চট্টগ্রাম কমার্স কলেজের ছাত্র প্রান্ত ভট্টাচার্য্য অনিকের (১৮)। গত ২৬ জুন সকালে পাথরঘাটার ইকবাল রোডের ফাতেমা মঞ্জিল থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন অনিক। এরপর থেকে গত চার মাসে তার আর কোনও খোঁজ পায়নি পরিবার।
বুধবার (০৪ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিখোঁজ ছেলেকে ফেরত চান অনিকের বাবা ত্রিদীপ ভট্টাচার্য্য।
ত্রিদীপ ভট্টাচার্য্য বলেন, “গত ২৬ জুন সকাল সাড়ে সাতটার দিকে নগরীর পাথরঘাটার ইকবাল রোডের বাসা থেকে বের হওয়ার পর অনিক আর ফিরে আসেনি। ‘একটু নিচ থেকে আসি’ বলে সে বাসা থেকে বের হয়। যাওয়ার সময় টাকা বা তার ব্যবহৃত মোবাইল ফোনও সঙ্গে নিয়ে যায়নি। নিখোঁজের পর আমরা তার সব বন্ধু-বান্ধবের পাশাপাশি আমাদের সব আত্মীয়-স্বজনের সঙ্গে যোগাযোগ করেছি। কেউ তার কোনও সন্ধান দিতে পারেনি।”
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় আমরা কোতোয়ালি থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছি। গত চার মাসে পুলিশ, র্যাবসহ আইন প্রয়োগকারী সংস্থার কাছে সহায়তা চেয়েছি। সবাই বলছেন আমার ছেলে আছে। যে কোনও সময় ফিরে আসবে। তাদের চেষ্টার কোনও ত্রুটি নেই। কিন্তু বাস্তবতা হলো, এখনও আমি ছেলেকে ফিরে পাইনি।’
ত্রিদীপ ভট্টাচার্য্য বলেন, তার কিংবা আমাদের পরিবারের কারও সঙ্গে কোনও শত্রুতা নেই। এমনকি অনিক নিখোঁজের পর টাকা চেয়ে বা হুমকি দিয়েও কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। নিখোঁজ ছেলেকে ফিরে পেতে তিনি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।







