বান্দরবানের দুর্গম থানচি উপজেলার রেমাক্রীর বড় মদক বাজারে আগুনে পুড়ে গেছে ২০টি দোকান। এসময় বেশ কয়েকটি বসতঘরও ভস্মীভূত হয়েছে। এছাড়া ২০টির মতো দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৬ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ ব্যাপারে রেমাক্রী ইউপি চেয়ারম্যান মুসিথোয়াই মারমা (রনি) জানান, আগুনে ২০টি দোকান ও বেশ কয়েকটি বাড়িঘর মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায়। এ সময় আশেপাশের বাড়িঘর ও দোকানগুলো ভেঙে সরিয়ে নেওয়ায় আগুন আর ছড়াতে পারেনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার বলেন, আমরা বিজিবি'র মাধ্যমে খবর পেয়েছি বড় মাদক বাজারে ২০টির মতো দোকান পুড়ে গেছে। ইতোমধ্যে আমরা নদীপথে পুলিশের টিম পাঠিয়ে দিয়েছি। এলাকাটি অতি দুর্গম হওয়ায় সেখানে আমাদের টিম পৌঁছাতে বিকাল হবে ও তারা ঘটনাস্থল পরিদর্শন করে থানচিতে ফিরে আসতে সন্ধ্যা হবে। তারা ফিরে না আসা পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার মূল কারণ বলা যাচ্ছে না।








