ওষুধগুলো টুকরো টুকরো করে পাতা থেকে কাটা। টুকরোগুলোর কোনোটিতে একটি আবার কোনোটিতে দুটি ওষুধ। মেয়াদোত্তীর্ণ এসব ওষুধের নাম কিংবা কোম্পানির নাম কোনও কিছুই বোঝার উপায় নেই। প্রেসক্রিপশন ছাড়াই এই ওষুধ ফার্মেসি থেকে রোগীরা কিনে সেবন করে আসছিলেন। রবিবার (৮ নভেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে এমন চিত্র মিলেছে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার লালমাই বাজারে এক ফার্মেসিতে।
এ তথ্য নিশ্চিত করেন কুমিল্লা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পরিচালক মো. আছাদুল ইসলাম। তিনি জানান, রাফি মেডিক্যাল হল নামে ওই ফার্মেসিতে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ টুকরো টুকরো এসব ওষুধ জব্দ করা হয়। এ সময় রোগীদের সঙ্গে প্রতারণা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ওই বাজারের আরও একটি ফার্মেসিকে বিভিন্ন অনিয়মের কারণে চার হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে লালমাই বাজারে সাগর নামে একটি হোটেলকে চার হাজার ৫০০ টাকা এবং একটি মুদি দোকানসহ চার প্রতিষ্ঠানে মোট ২১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।







