অপহরণের চার দিন পর বুধবার (১১ নভেম্বর) সকালে জয়পুরহাটের আক্কেলপুর পৌর সদরের মহিলা কলেজ এলাকার রেললাইনের পশ্চিম পাশের একটি ডোবা থেকে নাজমুল হক নামের এক কিশোরের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কিশোর নওগাঁ জেলার বদলগাছী উপজেলার খাদাইল গ্রামের আল আমিনের ছেলে। সে খাদাইল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
পুলিশ ও নিহতের পরিবার জানান, শুক্রবার বিকালে ওই কিশোরকে বাড়ি থেকে মোবাইলফোনে ডেকে নেওয়ার পর থেকে সে নিখোঁজ হয়। পরে কিশোরের ফোন থেকে কল দিয়ে পরিবারের কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এ ঘটনায় শনিবার অপহৃত নাজমুলের বাবা অপহরণ ও মুক্তিপণের অভিযোগে চার জনকে আসামি করে বদলগাছী থানায় মামলা করেন। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বুধবার সকালে আক্কেলপুর থানা পুলিশ ওই কিশোরের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
নিহত নাজমুলের বাবা আল আমিন বলেন, শুক্রবার বিকালে পারিবারিক একটি বিয়ের অনুষ্ঠান থেকে মোবাইলফোনে ছেলেকে ডেকে নেওয়ার পর তার খোঁজ মিলছিল না। শনিবার ছেলের মোবাইলফোন থেকে অপহরণকারীরা ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে ওইদিনই বদলগাছী থানায় অপহরণ ও মুক্তিপণের অভিযোগে মামলা করি।
নওগাঁর বদলগাছী থানার ওসি (তদন্ত) রায়হান হোসেন বলেন, নিহতের বাবা শনিবার থানায় একটি অপহরণ ও মুক্তিপণের অভিযোগে মামলা করলে খাদাইল গ্রামের একই পরিবারের তিন জন ও নওগাঁ সদরের রাইজার গ্রামের একজনকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য এক নারীকে থানায় নেওয়া হয়েছে। ঘটনার তথ্য উদঘাটনের চেষ্টা চলছে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ জানান, মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।








