ব্রাহ্মণবাড়িয়ায় মায়ের দেওয়া অভিযোগে ছেলেকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১১ নভেম্বর) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ুয়া এ সাজা দেন। একই সঙ্গে মাদকাসক্ত ওই যুবককে এক হাজার টাকাও জরিমানা করা হয়।
সাজাপ্রাপ্ত যুবক হলো সদর উপজেলার বুধল ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের বজলু মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৬)। তাকে পুলিশের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এর আগে তার মা সবজান বেগম এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের কাছে অভিযোগ দেন।
সবজান বেগম জানান, মাদকের টাকার জন্য ছেলে হৃদয় প্রায়ই বাড়িতে অত্যাচার করতো। নিজের শরীর রক্তাক্ত করে ফেলতো। সম্প্রতি তার অত্যাচারের মাত্রা বেড়ে যায়। মঙ্গলবার নিজের ঘরেই সে আগুন লাগিয়ে দেয় ও ভাঙচুর চালায়। পরে তিনি ভ্রাম্যমাণ আদালতে অভিযোগ করেন।
বুধল ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার (সদস্য) দুলাল মিয়া বলেন, ‘হৃদয় সম্পর্কে আমার চাচাতো ভাই। বেশ কিছুদিন ধরে সে বাড়ির পাশাপাশি বাইরে মানুষের ওপর অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করতে যায়। তার অত্যাচারে অতিষ্ট হয়ে তার মা অভিযোগ করেন।’
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ বড়ুয়া জানান, ওই যুবক মাদকাসক্ত হয়ে অত্যাচার চালাতো। তার মা অভিযোগ করলে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া হয়। সে নিজেও মাদক সেবন ও অত্যাচারের কথা স্বীকার করেছে।








