টাঙ্গাইলের মির্জাপুর বাসস্ট্যান্ড এলাকায় পিকআপ ভ্যানের চাপায় হাইওয়ে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। নিহত কনস্টেবলের নাম রতন বিশ্বাস (৩৫)।
সোমবার বিকেল সোয়া পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, সোমবার বিকেলে রতন মহাসড়কে দায়িত্ব পালন করছিলেন। এ সময় উত্তরাঞ্চলগামী একটি পিকআপ ভ্যানের গতি রোধ করার চেষ্টা করেন তিনি। চালক ভ্যানটি না থামিয়ে তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই রতন বিশ্বাসের মৃত্যু হয়।
তবে এ ঘটনার পরপরই পিকআপটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে তিনি জানান।
/আরএ/








