করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকা স্কুলে অ্যাসাইনমেন্টের খাতা জমা দিতে বেরিয়ে প্রাণ হারালো এক স্কুলছাত্রী। স্কুলে যাওয়ার পথে একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। নিহতের নাম সামীয়া ইসলাম (১৩)। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৯টার সময় সাতক্ষীরা-নাভারন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
সে স্থানীয় নাভারন বুরুজবাগান গার্লস স্কুলের ৮ম শ্রেণির ছাত্রী। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।
নিহত সামীয়া শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের কাঠুরিয়া গ্রামের সামিউল ইসলাম এর মেয়ে।
নাভারন হাইওয়ে পুলিশের ইনচার্জ এসআই টিটু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে ও ঘাতক ট্রাক আটক করা হয়েছে। চালক পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।








