যশোরের বাঘারপাড়া উপজেলার ভাটারআমতলায় পিকআপ ও বাসের মুখোমুখি সংঘর্ষে পিকআপচালক (২৮) নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চার জন। আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার (১৪ নভেম্বর) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহত শাওন ও কামরুল জানান, তারা সাতক্ষীরা থেকে পিকআপে করে মাছ নিয়ে মাগুরার শ্রীপুরে যাচ্ছিলেন। রাস্তায় যশোর-মাগুরা সড়কের ভাটারআমতলা এলাকায় পৌঁছালে বিপরীতমুখি একটি বাসের সঙ্গে তাদের পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান পিকআপচালক। এছাড়া তারা দুই জনসহ চার জন আহত হন। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
ফায়ার সার্ভিসের লিডার আবু আহসান জানান, সকাল ৮টার দিকে তারা দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান। এসময় তারা মোট পাঁচ জনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. দেলোয়ার হোসেন খান জানান, সকালে দুর্ঘটনায় আহত পাঁচ জনকে আনা হয়। তার মধ্যে অজ্ঞাত একজন হাসপাতালে আনার আগেই মারা যান। আহতদের মধ্যে দুই জনকে ভর্তি করা হয়েছে এবং অপর দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
বাঘারপাড়া থানার ওসি সৈয়দ আল মামুন জানান, পুলিশ দুর্ঘটনা কবলিত পিকআপটি উদ্ধার করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।








