জামালপুরের ইসলামপুরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মহিদর মীর (৫৪) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রবিবার (১৫ নভেম্বর) বিকালে উপজেলার পলবান্ধা ইউনিয়নের উত্তর সিরাজাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তি একই এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
থানার অভিযোগ সূত্রে জানা গেছে, রবিবার বিকালে ইসলামপুর উপজেলার পলবান্ধা ইউনিয়নের উত্তর সিরাজাবাদ খানপাড়া গ্রামের জনৈক ব্যক্তির পাঁচ বছরের মেয়ে বাড়ির পাশে খেলা করছিল। এ সময় প্রতিবেশী মহিদর মীর ওই শিশুটিকে পাঁচ টাকা দেওয়ার কথা বলে পূর্ব দুয়ারি এলাকায় একটি চৌচালা টিনের ঘরে নিয়ে যায়।
সেখানে ধর্ষণের চেষ্টা করলে শিশুটির চিৎকার শুনে মা এগিয়ে এলে মহিদর মীর পালিয়ে যায়।
এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বাংলা ট্রিবিউনকে বলেন, বৃদ্ধাকে রাতে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।








