রাজশাহীতে সেনাবাহিনীর পোশাক পরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৫ নভেম্বর) গভীর রাতে রাজশাহী মহানগরীর আলিফ লাম-মিম ভাটার মোড় থেকে তাদের গ্রেফতার করে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) সকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। গ্রেফতার হওয়াদের মধ্যে রয়েছেন, আরাফাত ইসলাম রুষ্ট (১৯) ও মোয়াজ্জেম হোসেন রাজু (২২)। রুষ্টের বাড়ি চন্দ্রিমা থানার শিরোইল কলোনি ২ নম্বর গলি এবং রাজু গোদাগাড়ী থানার চব্বিশনগর গ্রামের আব্দুল মজিদের ছেলে।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ জানান, রবিবার রাত ১২টার দিকে আলিফ লাম-মিম ভাটার কাছে সেনাবাহিনীর পোশাক পরা অবস্থায় দুই জনকে দাঁড়িয়ে থাকতে দেখে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে। একপর্যায়ে স্বীকার করে তারা সেনা সদস্য নন। পোশাক পরে রাস্তায় দাঁড়িয়ে তারা ছিনতাইয়ের জন্য অপেক্ষা করছিল। তাদের সঙ্গে থাকা অপর দুই জন পালিয়ে যায়। এসব ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্তি উপ পুলিশ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস জানান, গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তারা প্রথমে সেনাবাহিনীর সদস্য বলে পরিচয় দেয় এবং আইডি কার্ড দেখায়। আইডি কার্ড দেখে সন্দেহ হওয়ায় তল্লাশি করে তাদের থেকে একটি খেলনা পিস্তুল, দুটি ফোল্ডিং চাকু, একটি ওয়াকিটকি, একটি রশি, একটি ব্যাগে সেনাবাহিনীর পোশাক ও বুট পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে তারা জানায়, মোটরসাইকেল আরোহীদের রশি ধরে গতিরোধ করে মোটরসাইকেল ছিনতাই করে তারা। আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।







