ব্রাহ্মণবাড়িয়ায় ‘অশ্রু’ নামে একটি মাদক নিরাময় কেন্দ্রে অভিযান চালিয়ে তা সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে পরিচালিত ওই অভিযানে নিরাময় কেন্দ্রটিতে চিকিৎসাসেবা দেওয়ার মতো কোনও ধরনের সুযোগ সুবিধা দেখতে পাননি বিচারক। এ কারণে নিরাময় কেন্দ্রটি সিলগালা করে দেন তিনি।
নিরাময় কেন্দ্রটি পৌর এলাকার দক্ষিণ পৈরতলায় অবস্থিত।
এ কেন্দ্রটিতে এসময় ৩০ জন মাদকাসক্থ চিকিৎসার জন্য ভর্তি ছিল। এরমধ্যে ১৩ জন মাদকাসক্তকে অভিভাবকদের কাছে বুঝিয়ে দেওয়াসহ বাকি ১৭ জনকে বৈধ কোনও হাসপাতালে ভর্তি করানোর জন্য নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত ।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাস সাংবাদিকদের বলেন, ‘নিরাময় কেন্দ্রের কোনও ধরনের অনুমতি নেই। এখানে কোনও চিকিৎসকও পাওয়া যায়নি। সম্পূর্ণ অবৈধভাবে তারা প্রতিষ্ঠানটি চালাচ্ছিল। যার কারণে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়েছে।
এ বিষয়ে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষের কোনও বক্তব্য পাওয়া যায়নি।








