চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় দুই কিশোর সহোদরসহ ৩ জন নিহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যায় উপজেলার কানসাট-চৌডালা সড়কের বেলালবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ঘাতক ট্রাক্টরটি আটক করলেও পলাতক রয়েছে এর চালক।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন গোমস্তাপুর থানার ওসি দিলীপ কুমার দাস।
নিহতরা হলেন ভোলাহাট উপজেলার জামবাড়িয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে সোহেল (২৪) ও গোমস্তাপুর উপজেলার চৌডালা বাজারের আমজাদ হোসেনের ছেলে আপন দুই সহোদর জামিল(১৫) ও কামিল(১৪)।
ওসি দিলীপ কুমার দাস জানান,‘আজ সন্ধ্যা ৬ টার দিকে একটি বালুভর্তি ট্রাক্টর শিবগঞ্জ থেকে গোমস্তাপুর যাওয়ার পথে বেলালবাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাইসাইকেল ও মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তারা তিনজনই মারা যায়। পরে পুলিশ খবর পেয়ে নিহতদের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।’
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘাতক ট্রাক্টর চালককে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে বলেও জানান ওসি।








